৩০ জুলাই থেকে ঢাকা-কক্সবাজার ফ্লাইট চালু হচ্ছে

করোনার কারণে বন্ধ থাকা ঢাকা থেকে কক্সবাজারে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে ৩০ জুলাই থেকে। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, এর মধ্য দিয়ে ঢাকা সঙ্গে দেশের ৭টি রুটেরই ফ্লাইট চালু হচ্ছে।

করোনার কারণে গত ২১ মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর ১ জুন থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। ১১ জুন থেকে যশোরে ও ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। ২১ জুলাই থেকে রাজশাহীতে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।

কক্সবাজারে কয়টি ফ্লাইট চলবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিমান সংস্থাগুলো। কারণ পর্যটন নগরী কক্সবাজারে করোনার কারণে হোটেল-মোটেলগুলো এখনো বন্ধ রয়েছে। ঈদের আগে সেগুলো খোলার কোনো সম্ভাবনা নেই। এসব বিষয় বিবেচনা করে ফ্লাইট শিডিউল ঠিক করবে বিমান সংস্থাগুলো।