চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না এমবাপ্পের

আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের।

গত শুক্রবার সেঁত এতিয়েনের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালে গুরুতর চোটে পড়েন ২১ বছর বয়সী এমবাপ্পে। তখনই ধারণা করা যাচ্ছিল ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে হয়তো বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। সেটিই সত্যি হলো। তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই তারকা।

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, অ্যাঙ্কেলে আঘাতের সঙ্গে লিগামেন্টও ছিঁড়ে গেছে এমবাপ্পের।

অর্থাৎ ১২ আগস্ট আতালান্তার বিপক্ষে খেলা হচ্ছে না এমবাপ্পের। পিএসজি সেমিফাইনালে উত্তীর্ণ হলে ১৮ আগস্টের ম্যাচে হয়তো মাঠে নামা হবে তার।

এদিকে শুক্রবার ফরাসি লিগ কাপের ফাইনালে লিওঁর বিপক্ষে খেলবে পিএসজি। স্বাভাবিকভাবেই এ ম্যাচেও এমবাপ্পের সার্ভিস মিস করবে টমাস টুখেলের দল।

করোনার কারণে স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগ এবার টুর্নামেন্টের আদলে শেষ হবে। নক আউট পর্বের বাকি থাকা সব ম্যাচ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। পর্তুগালে ২৩ আগস্ট হবে আসরের ফাইনাল।