রাজধানীর মুগদা মান্ডায় ঝিলে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন নাঈমা সুলতানা (১৮) ও মৃদুল হাসান রাব্বি (১৮)।
মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে কদমআলী ঝিল পাড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ফায়ার সার্ভিস এর সদর দপ্তর ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, নৌকা নিয়ে পাঁচ বন্ধু ঘুরতে গিয়েছিল কদমআলী ঝিল পাড়ে। এ সময় নৌকা ডুবে গেলে ৩ জন সাঁতরে পাড়ে আসতে পারলেও তারা দুজন পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে নয়টার দিকে তাদের দুজনকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
মুগদা থানার উপ পরিদশর্ক প্রাণতোষ বণিক জানান, রাব্বির বাবার নাম মো. রিপন। তাদের স্থায়ী বাসা মুগদার উত্তর মান্ডায়। আর সুলতানার বাবার নাম মাইনুদ্দিন। বাড়ি ফেনী ও বর্তমানে মান্ডা সরকার বাড়ি এলাকায় থাকে। দুজনেই শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠানের নাম এখন জানা যায়নি।