তাকে ডাকা হয় ‘মেক্সিকান মেসি’ বলে। কিন্তু লুকা রোমেরোর এতে ঘোর আপত্তি। কিছু দিন আগে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইতিহাস গড়া এই তারকার কাছে লিওনেল মেসি একজনই। আর নিজেকে তিনি আপন পরিচয়ে মেয়ে ধরতে চান সবার সামনে। তাই মেসির সঙ্গে তুলনা তাকে বিরক্ত করে।
ফক্স স্পোর্টসকে ১৫ বছর বয়সী রোমেরো বলেন, ‘তারা আমাকে মেসির সঙ্গে তুলনা করে, বিষয়টা আমাকে বিরক্ত করে। মেসি একজনই। আর আমি ফুটবলে নিজের নামে প্রতিষ্ঠিত হতে চাই।’
সদ্য শেষ হওয়া লা লিগায় রিয়াল মায়োর্কার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তার। সেদিন তার বয়স ছিল ১৫ বছর ২১৯ দিন। তাতে ৮০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লা লিগায় সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়ার ফুটবলার তিনি।
জন্ম মেক্সিকোয় হলেও আর্জেন্টাইন মা-বাবার সূত্রে বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার হয়েই খেলছেন রোমেরো। মেক্সিকো, আর্জেন্টিনার সঙ্গে স্পেনের পাসপোর্টধারীও তিনি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে পারলে ভালো লাগবে বলে জানান তিনি।
রোমেরো বলেন, ‘আমি মেক্সিকোতে জন্মেছি, কিন্তু আমার পরিবার আর্জেন্টাইন। আমার তিনটি জাতীয়তা আছে- মেক্সিকো, আর্জেন্টাইন ও স্প্যানিশ। যদি আর্জেন্টিনা এখনো চায়, আমি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব। যদি সম্ভব হয় কিলমেসে আর্জেন্টিনা দলের হয়ে অনুশীলন করতে ভালো লাগবে আমার। কেননা আমার বাবা ওখানেই খেলতেন।’