বজলুর রহমান স্মৃতিপদক পেলেন মিলন ও ফয়সাল

মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতার জন্য ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০১৯’ পেয়েছেন ইজাজ আহমেদ মিলন ও জিএম ফয়সাল আলম। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে এ পদক প্রদান অনুষ্ঠান হয়।

১৯৭১ সালের ১৪ মে গাজীপুরের বাড়িয়া এলাকায় সংঘটিত গণহত্যা নিয়ে ‘১৯৭১ : বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ’ শীর্ষক ভিন্ন ভিন্ন শিরোনামে গাজীপুরের স্থানীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক মুক্ত সংবাদ’-এ প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রিন্ট মিডিয়ায় ইজাজ আহ্মেদ মিলন এবং চ্যানেল ২৪-এর অনুসন্ধানী অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘অজানা গণহত্যা’ শিরোনামের প্রতিবেদনের জন্য ইলেকট্রনিক মিডিয়ায় জি এম ফয়সাল আলম এ পদক পান।

পদক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জুরি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।