পর্যটন প্রসারে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ প্রয়োজন : প্রতিমন্ত্রী

পর্যটনের প্রসারের স্বার্থে স্থানীয় ঐতিহ্যসমূহ সংরক্ষণ করা প্রয়োজন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে যুগ যুগ ধরে চলে আসা নৌকাবাইচ, কুস্তি প্রতিযোগিতা, লাঠি খেলা, ষাঁড়ের লড়াইয়ের মতো নিজস্ব সংস্কৃতিগুলো সংরক্ষণ ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। এর সঙ্গে জড়িত জনসম্পদের উন্নয়নে কাজ করতে হবে।’ গতকাল মঙ্গলবার স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্র্তৃক শেরপুর জেলার সঙ্গে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, ‘স্থানীয় লোকজ সংস্কৃতি ও বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রা পর্যটনের অন্যতম আকর্ষণ। স্থানীয় প্রশাসনকে এ বিষয়গুলো সংরক্ষণ ও উন্নয়নে কাজ করতে হবে। এই বর্ণিল জীবনাচরণ দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার জন্য প্রয়োজনীয় প্রচারের ব্যবস্থা করতে হবে।’