আসন্ন কোরবানির ঈদে চট্টগ্রাম নগরে পশু জবাই করার জন্য ৩০৮টি স্থান নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কোরবানির বর্জ্য পরিষ্কার করতে ৫ হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং ৩৫০টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের জন্য ৩০৮টি স্থান নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও চসিকের নির্ধারিত এসব পশু কোরবানির স্থানগুলোতে পানি সরবরাহ, ব্লিচিং পাউডার সরবরাহসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হবে। জবাইকৃত পশুর বর্জ্যগুলো বিকেল ৫টার মধ্যে প্রধান সড়ক থেকে এবং রাত ৮টার মধ্যে পুরো শহর থেকে অপসারণ করার লক্ষ্যমাত্রা নিয়ে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্ধারিত ছাড়া নগরের অন্য কোনো উন্মুক্ত স্থান বা সড়কে পশু জবাই না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, এ বছর প্রায় ৮ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা রয়েছে।