শেষ হলো করোনাভাইরাসের আতঙ্ককে পাশে রেখে ক্রিকেটারদের মাঠে একক অনুশীলনের প্রথম পর্ব। গত ১৯ জুলাই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামসহ দেশের আরও কয়েকটি ভেন্যুতে ৯ ক্রিকেটারকে নিয়ে একক অনুশীলন পর্ব শুরু হয়। বিসিবি এই অনুশীলনে ক্রিকেটারদের উৎসাহিত না করলেও ধীরে ধীরে সাড়া বেড়েছে। ঈদের ছুটি কাটিয়ে আরও বেশি ক্রিকেটারের মাঠে ফেরার কথা শোনা যাচ্ছে।
শুরুতে শঙ্কা ছিল আসলে অনুশীলন কতটা স্বস্তিতে শুরু করা যাবে তা নিয়ে। কিন্তু বিসিবির ব্যবস্থাপনায় ক্রিকেটাররা সন্তোষ প্রকাশ করেন। শেষটায় দুদিন বাড়াতে হয় অনুশীলনের সময়। আর এই পর্ব শেষ করার পর ক্রিকেটারদের আশা, সামনে হয়তো তারা গ্রুপে ভাগ হয়ে কয়েকজন করে একসঙ্গে অনুশীলন করতে পারবেন। আপাতত প্রায় চার মাস ঘরে ফিটনেস ট্রেনিংয়ের পরও যেটুকু আলস্য জমেছিল তা ঝরিয়ে ফেলা গেছে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর আরও বড় পরিসরে মাঠে অনুশীলনে ফেরার প্রত্যাশা করা যায়।
এদিকে ঈদের পর কিছুটা সময় বিরতি দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে বিসিবি। ২১ আগস্ট শুরু হবে সেই ক্যাম্প। তিন সপ্তাহ পর সেটিকে ৩০ জনের দলে পরিণত করা হবে। এটা আসলে অনূর্ধ্ব-১৯-এর বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের পরবর্তী বিশ্বকাপের দল গঠনের শুরুর প্রক্রিয়া। এ ছাড়া আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মিরপুরে হাইপারফরম্যান্স দলের ক্যাম্প শুরুর পরিকল্পনাও চলছে। যেটিকে পরবর্তীতে শ্রীলঙ্কায় আরও অনুশীলনের জন্য পাঠানোর কথা আছে।