পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আন্দোলনের জন্য শিল্প প্রতিষ্ঠান ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২০১৯ সালে বিশ্ব জুড়ে অন্তত ২১২ জন পরিবেশ কর্মীকে হত্যা করা হয়েছে একটি প্রতিবেদনে উঠে এসেছে।
বুধবার লন্ডন ও ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক এনজিও ‘গ্লোবাল উইটনেস’ এর প্রকাশিত একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তাতে বলা হয়েছে পরিবেশ আন্দোলনের জন্য প্রাণ হারানো কর্মীদের অর্ধেকের বেশি কলম্বিয়া (৬৪) ও ফিলিপাইনের (৪৩)। পরিবেশবাদীদের হত্যার দিক থেকে এর পরেই রয়েছে ব্রাজিল, মেক্সিকো, হন্ডুরাস ও গুয়াতেমালা।
এ ব্যাপারে গ্লোবাল উইটনেসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ কর্মীদের হত্যার প্রকৃত সংখ্যাটি আরও বাড়তে পারে। কেননা আফ্রিকা অঞ্চলের অনেক মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ছাড়া অনেক মৃত্যু ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
তাতে বলা হয়েছে, পরিবেশ রক্ষার জন্য যারা হত্যার শিকার হয়েছেন তাদের বেশির ভাগই আদিবাসী জনগোষ্ঠীর। এর মধ্যে দুই-তৃতীয়াংশই লাতিন আমেরিকার। এক-দশমাংশ নারী।
প্রভাবশালী মহলের লোকজন দশকের পর দশক ধরে মধ্য ও দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের বনভূমি ক্ষতি ও ধ্বংস করা হচ্ছে। আর এসব ক্ষেত্রে কখনো কখনো স্থানীয় ও জাতীয় সরকারেরও পৃষ্ঠপোষকতার খবরও পাওয়া যায়।
গ্লোবাল উইটনেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে হত্যার শিকার কর্মীদের ১৪১ জনকেই মারা হয়েছে পরিবেশ বিরোধী কোনো নির্দিষ্ট অর্থনৈতিক সেক্টরের বিরোধিতা করার কারণে। আর এক-তৃতীয়াংশকে হত্যা করা হয়েছে খনিজ কার্যক্রমের বিরোধিতা করার জন্য।
৩৪ জনকে হত্যা করা হয়েছে এগ্রিবিজনেসের বিরোধিতা করারা কারণে এবং এদের বেশির ভাগই এশিয়া অঞ্চলের বিশেষ করে ফিলিপাইনের।