আ.লীগ নেতাদের মতো ‘সেকেন্ড হোম নীতি’ ছিল না জিয়ার: রিজভী

আওয়ামী লীগ নেতাদের মতো ‘সেকেন্ড হোম নীতি’ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান করেছেন উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি।

বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মুখপাত্র বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তিনি ক্ষমতায় এসে আওয়ামী লীগের আমলে বন্ধ করে দেওয়া পত্রিকাগুলো চালু করে দিয়েছিলেন।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান।

রিজভী আরও বলেন, ‘জিয়াউর রহমানের আরও একটি কাজ ছিল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। দু-একটা ফ্লাইওভার করে আওয়ামী লীগের নেতারা পকেট ভারি করে কানাডায় বাড়ি বাড়াবেন, সেকেন্ড হোম করবেন মালয়েশিয়ায়- এটা জিয়াউর রহমানের নীতি ছিল না।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এদেশের মানুষ গরু-ছাগল নয়, তারা মানুষ। মানুষ চিন্তা করে, মানুষ স্বাধীনভাবে চিন্তা করে যা সে সেটা লিখে বা বলতে চায়। কিন্তু শেখ হাসিনা মনে করেন, মানুষ বন্দি থাকলে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে না।’

‘তিনি দিনের ভোট রাতে করেন। জনপ্রতিনিধি কে হবে সেটি আগেই ঠিক করে রাখেন। নির্বাচনের নামে সেটি ঘোষণা দেয় মাত্র। প্রকৃত ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না’ যোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এটি বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মতপ্রকাশের জন্য ফেইসবুকে কিছু লেখেন দিনে, রাতে যেকোনো সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে। আজকে ভোটের অধিকার নেই। আজকে কথা বলার অধিকার নেই।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব আলমগীর হোসেন সামি প্রমুখ।