করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন: তথ্যমন্ত্রী

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, সাংবাদিকরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন। এভাবে সাংবাদিকদের জন্য পৃথিবীর কোথাও দেয়া হচ্ছে না।

বুধবার যশোরে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগীয় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সরকারের সমালোচনা করছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দুইজন সদস্য, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। তাই বলে আমরা ঘরে বসে থাকিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু করা সম্ভব, ততটুকু করছেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা সমালোচনা করে তাদের জন্যও সরকার। সরকারের পক্ষ থেকে যে সহায়তা করা হবে তা সবার জন্য। সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক। অবশ্য অন্ধ সমালোচনা নয়।

তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর যতগুলো দেশে মৃত্যুর হার কম তাদের মধ্যে একটি। করোনার এই পাঁচ মাসে দেশে সকল কাজ বন্ধ। কিন্তু একটি মানুষও না খেয়ে মরেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিভাগের যশোর, খুলনা, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার সাংবাদিকদের সহায়তার চেক দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীণ চাকলাদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু ও যুগ্ম সম্পাদক সাকিরুল কবির রিটন।