স্বাস্থ্যবিধি মানতে সমস্যা লঞ্চগুলোর নকশা: খালিদ

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে লঞ্চগুলোর নকশার কারণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে তিনি বলেন, যাত্রীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করেন; সে ব্যাপারে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। টার্মিনালগুলোতে টানেল তৈরি করা হয়েছে। সমস্যা হলো আমাদের লঞ্চগুলোর নকশা। 

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মতো একটি ভাইরাস আসবে তা তো জানা ছিল না। কেবিনগুলোর জন্য ঠিক আছে, কিন্তু ডেকে স্বাস্থ্যবিধি মানা নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিআইডব্লিউটির পক্ষ থেকে ডেকে চিহ্ন দেওয়া হয়েছে। তারপরও বলব এটা স্বাস্থ্য সম্মত নয়। ভবিষ্যতে লঞ্চের নকশা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি মাথায় রাখা হবে।

বর্ষায় নৌপথে যাতায়াত সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, লঞ্চের মাস্টার ড্রাইভারদের পক্ষ থেকে একটা অভিযোগ ওঠানো হয়েছিল যে, বয়ার সমস্যা রয়েছে, আসলে সে সমস্যা নেই। নৌপথ প্রশস্ত হয়েছে। কোন চ্যানেল দিয়ে লঞ্চ যাতায়াত করবে সে চ্যানেলগুলোতে ঠিক মতো বয়ার ব্যবস্থা রয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী এবার ঈদে জনগণকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে না যেতে অনুরোধ করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।