বাবুর জন্য স্বেচ্ছাসেবক দলের দুইদিনের কর্মসূচি

বিএনপি নেতা শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারাদেশে দিনব্যাপী নিজ নিজ সুবিধা অনুযায়ী জেলা, মহানগর এবং এর অধীনস্থ সকল থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগরসহ দেশব্যাপী মসজিদে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

বুধবার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। শফিউল বারী বাবু বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগর এবং এর অধীনস্থ সকল থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে উল্লিখিত কর্মসূচিসমূহ পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

গত সোমবার দিবাগত রাত ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাবু। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম দফা ও তার নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগতিতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।