স্যানিটাইজারে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার নির্দেশ

হাতকে জীবাণু ও ভাইরাসমুক্ত করতে ব্যবহার করা হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রেসহ এমন দাহ্য পদার্থের বোতলের লেবেলে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার বিচারপতি তারিক উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়। আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বলা হয়েছে।

সম্প্রতি রাজধানীর হাতিরপুলের একটি বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে দগ্ধ হয়ে চিকিৎসক রাজীব ভট্টাচার্যের মৃত্যুর ঘটনার বিষয়টি উল্লেখ করে বেসরকারি সংগঠন জাস্টিস ফর ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে এ রিট আবেদনটি করেন অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মোহাম্মদ মুরাদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত দাসগুপ্ত দেশ রূপান্তরকে বলেন, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এমন অন্যান্য দ্রব্য সমূহে দাহ্য পদার্থ থাকে। এসবের বোতলের লেবেলে অনেক ক্ষেত্রেই সতর্কতামূলক নির্দেশনা না থাকায় অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এ রকম একটি ঘটনায় একজন চিকিৎসক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এটি একটি উদ্বেগের বিষয়।

হাইকোর্ট তার আদেশে বলেছেন, যেহেতু এইগুলো দাহ্য পদার্থ তাই এ জন্য সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করতে হবে। দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে এ বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট ও গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করা হবে।