পশুর হাট, কোরবানির স্থান ও বর্জ্য অপসারণে ডিএনসিসির কন্ট্রোল রুম

কোরবানির স্থান ও বর্জ্য অপসারণ এবং কোরবানি পশুর হাট সংক্রান্ত তথ্য জানার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গুলশানের নগর ভবনে সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

কন্ট্রোল রুম বৃহস্পতিবার সকাল ৯টা থেকে থেকে ঈদের পরের দুই দিন (আগামী সোমবার) পর্যন্ত খোলা থাকবে। বুধবার ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির নাগরিকগণ কন্ট্রোল রুমে ফোন করে তাদের জন্য পশু কোরবানির নির্ধারিত স্থান জেনে নিতে পারবেন। পশু কোরবানির জন্য এবছর ডিএনসিসিতে মোট ২৫৬ স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোরবানি দেওয়ার পরে কোথাও পশুর বর্জ্য অপসারণ করা না হলে তা কন্ট্রোল রুমে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানি পশুর হাট, ডিজিটাল হাট, অনলাইনে কোরবানি দিয়ে মাংস প্রস্তুত করে বাসায় পৌঁছে দেওয়া সংক্রান্ত তথ্যও কন্ট্রোল রুম থেকে জানা যাবে।

কন্ট্রোল রুমের নম্বর: ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩; এবং ০৯৬০-২২২২৩৩৪।