রেলকে ঈদ উপহার হিসেবে ভারতের ১০টি ব্রড গেজ রেল ইঞ্জিন বুধবার পার্বতীপুরে এসে পৌঁছেছে। জ্বালানি তেলবাহী ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে এসব ইঞ্জিন পার্বতীপুরে এসে পৌঁছায়।
এগুলো গ্রহণ করেন পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিএক্স) নুর মোহাম্মদ।
গত সোমবার ভারতের গেদে রেল স্টেশন থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন।
পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী নুর মোহাম্মদ জানান, ভারত সরকার প্রদত্ত ১০ টি লোকোমোটিভের মধ্যে ৮টি ২০১৩ সাল, একটি ২০১৪ সাল ও অপরটি ২০১৫ মডেলের।
অপরদিকে, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার একটি সূত্রে বলা হয়েছে, এসব ইঞ্জিন ভারতে রেলের বিভিন্ন রুটে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহার হয়ে আসছে।
সূত্রটি জানায়, এসব ইঞ্জিন কারখানায় পৌঁছার পর প্রতিটি ইঞ্জিন পৃথকভাবে যন্ত্রাংশ পরীক্ষা শেষে ট্রায়ালে পাঠানো হবে। এর আগে নতুন করে বাংলাদেশ রেলওয়ের আদলে রং পরিবর্তন ও সিরিজ লেখা হবে। ইঞ্জিন নেওয়ার পরে রং ও লোগো পরিবর্তন করে চলাচল করবে।