মুজিববর্ষ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে ছাব্বিশ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদ বড়পুল এলাকায় ‘বজ্রকণ্ঠ’ শিরোনামে নির্মিত এ ভাস্কর্য উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরচেনা সেই ভঙ্গিতে তার বজ্রকণ্ঠে ভাষণদানের রূপকে। বেদিসহ পুরো ভাস্কর্যের উচ্চতা ২৬ ফুট। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৩০টি সাদা সিমেন্টের আরসিসি ঢালাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. আতিকুল ইসলাম ভাস্কর্যের নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণের সার্বিক কর্মকা- সম্পাদন করেন।
‘বজ্রকণ্ঠ’-এর উদ্বোধন করতে গিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাঙালির আত্মপরিচয়ের একমাত্র অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর আজীবন ত্যাগ তিতিক্ষা ও আন্দোলন সংগ্রামের ফসল আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, এইচ. এম সোহেল, এরশাদ উল্লাহ, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা কালাম, বজ্রকণ্ঠ ভাস্কর্যের পরামর্শক নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, ভাস্কর্য শিল্পী অধ্যাপিকা শায়লা শারমিন ও অধ্যাপক মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।