ট্রাংকে ২৪ রাউন্ড গুলি, এএসআই কারাগারে

পুলিশের এক সদস্যের ট্রাংক থেকে ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসাদুজ্জামান নামে পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে ৫ দিনের রিমান্ডে। তদন্ত শুরু হয়েছে ওই এএসআইয়ের ট্রাংকে গুলি এলো কোথা থেকে।

গতকাল শাহবাগ থানার ওসি মো. আবুল হোসেন দেশ রূপান্তরকে জানান, আসাদুজ্জামান বর্তমানে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০১৩ সালে মিরপুর পিওএম উত্তরে কর্মরত ছিলেন। ওই বছর মে মাসে হেফাজতে ইসলামের মিছিল চলা অবস্থায় মতিঝিল এলাকায় ডিউটি করার সময় তার কাছে থাকা অস্ত্র-গুলি থেকে কয়েক রাউন্ড ফায়ার করেন। নিয়মানুসারে ডিউটি শেষে পিওএম অস্ত্রাগারে অবশিষ্ট গুলি জমা দেওয়ার কথা থাকলেও গুলিগুলো শেষ হয়েছে বলে জমা না দিয়ে ব্যক্তিগত ট্রাংকে রাখেন। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে তিনি ট্রাংক-বোর্ডিংসহ আব্দুল গণি রোডের পিসিআরের ২ নম্বর ভবনের ষষ্ঠ তলায় স্থানান্তর হন। কিন্তু এত দিনেও তিনি গুলিগুলো অন্য কোথাও সরাননি।

শাহবাগ থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান সরদার জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।