প্রয়াত বাবুর স্মরণে স্বেচ্ছাসেবক দলের ২ দিনের কর্মসূচি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ। গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে। পাশাপাশি সারা দেশে দিনব্যাপী নিজ নিজ সুবিধা অনুযায়ী জেলা, মহানগর এবং এর অধীন সব থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল হবে। এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগরসহ দেশব্যাপী মসজিদে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া হবে।

সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা ও মহানগর এবং এর অধীন সব থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপরোল্লিখিত কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিউল বারী বাবু।