ছায়ানটকে স্কুলবাস উপহার ভারতীয় হাইকমিশনের

ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত শিক্ষা কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন দুটি স্কুলবাস উপহার হিসেবে দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত কেরানীগঞ্জে অবস্থিত অপালা ভবনে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য এ দুটি বাস ব্যবহৃত হবে।

গতকাল বুধবার বিকেল ৪টায় অনলাইনে ঢাকার ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ছায়ানটকে আনুষ্ঠানিকভাবে এ বাস দুটি হস্তান্তর করেন। এ সময় ছায়ানট এ উপহার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে।

অনলাইন অনুষ্ঠানের সূচনা হয় ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার কণ্ঠে গান ‘চলো চলো’ এবং স্বাগত কথনের মধ্য দিয়ে। এরপর নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস বিদ্যালয় সম্পর্কে বক্তব্য দেন।

ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী স্কুলবাস দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার ভারতীয় হাইকমিশনার।

অনুষ্ঠানের সমাপ্তি হয় ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিলের ‘বল নাহি ভয়, নাহি ভয়’ গানের মধ্য দিয়ে। জুম প্ল্যাটফর্মে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।