স্বাধীনতার ৫০ বছর পর বীর বিক্রম খেতাব পাওয়া আব্দুল খালেকের মৃত্যু

স্বাধীনতার প্রায় ৫০ বছর পর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুল খালেক মারা গেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামে। তার বয়স হয়েছিল ৮৩ বছর। গেজেট বিভ্রাটের কারণে তার ‘বীর বিক্রম’ স্বীকৃতি পেতে দীর্ঘ ৫০ বছর অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত গত ৬ জুন নতুন প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের গেজেটে তার নাম উঠেছে।

বীর বিক্রম আব্দুল খালেকের শরীরে কভিডের উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তবে, পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

আব্দুল খালেকের বড় ছেলে মাসুম আক্তার জামান জানান, গত রবিবার রাতে তিনি মাথার যন্ত্রণায় খুব কাতরাচ্ছিলেন।

এর আগে তিন-চার দিন তার বাবার জ্বর ও কাশির সমস্যা দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত সোমবার সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তার বাবাকে হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে নেওয়া হয়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বীর বিক্রম আব্দুল খালেক ওই ওয়ার্ডেই মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, বীর বিক্রম আব্দুল খালেক কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন।