বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা চারদিকে শুনছি, বিভিন্ন মেগা প্রজেক্ট দুর্নীতি, ক্যাসিনো নিয়ে তোলপাড় চলছে।’
তিনি বলেন, ‘স্বৈরতন্ত্রের এই কঠিন সময়েও আমরা শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে বিএনপির রাজনীতি করছি।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুর পাইকপাড়া এলাকায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার’র অসহায় বৃদ্ধ ও শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে রিজভী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘যারা শহীদ জিয়ার আদর্শে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করে, জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করে তারা অবশ্যই মানবতার পক্ষে কাজ করে।’
বিএনপি মুখপাত্র বলেন, ‘আমরা যেমন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি, আবার অসহায় মানুষের পক্ষে যারা দাঁড়াচ্ছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার আমরা সেটা করছি।’
এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ও চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণের আগে রুহুল কবির রিজভী চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের অসহায় বৃদ্ধ ও শিশুদের খোঁজ-খবর নেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করে কিছুটা সময় কাটান।