ফিফা থেকে ১৫ লাখ ডলার পেতে পারে বাফুফে

ফিফা কাউন্সিলে অনুমোদন পেয়েছে ‘ফিফা কভিড-১৯ রিলিফ প্ল্যান ফান্ড’। এই ফান্ডের আওতায় ২১১টি সদস্য দেশকে ১৫০ কোটি ডলার সাহায্য দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই খাত থেকে পেতে পারে ১৫ লাখ ডলার।

গত ২৫ জুন কভিড-১৯ রিলিফ প্ল্যানের আওতায় সদস্য দেশগুলোকে মহামারি পরিস্থিতি কাটিয়ে উঠেতে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়টি বুধবার সদস্য দেশগুলোর ফেডারেশনগুলোকে জানিয়েছে তারা। বাফুফেও এ সংক্রান্ত অফিসিয়াল সার্কুলার পেয়েছে। এক বিবৃতিতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিফা প্রত্যেক সদস্যকে ১০ লাখ ডলার ও মেয়েদের ফুটবলের জন্য আলাদা করে সর্বোচ্চ ৫ লাখ ডলার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়েদের ফুটবলে সর্বোচ্চ অর্থ পেতে হলে প্রয়োজনীয় তথ্য উপাত্ত, ডেভেলপমেন্ট প্ল্যান, কাগজপত্র, আবেদন ফিফায় পাঠাতে হবে।

আবু নাঈম সোহাগ জানান, ‘অনুদানটি দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হবে। ফিফা অনুদানের সঠিক ব্যবহারের উপর জোর দিয়েছে। প্রথম কিস্তির সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পরই তারা ২০২১ সালে দ্বিতীয় কিস্তির টাকা দেবে।’

‘তারা বলেছে এই অর্থ ফুটবল পুনরায় শুরু করার ক্ষেত্রে, জাতীয় দল, এডমিনিশট্রেসন এবং উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ব্যবহার করা যেতে পারে।’

বাফুফের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমরা এই অনুদানের মাধ্যমে আমাদের স্টেকহোল্ডার, ক্লাব, ডিএফএ, খেলোয়াড় এবং রেফারিদের সহায়তা করতে চাই। ঈদের পর ফিফা তার প্রতিটি সদস্যের সাথে আলাদা করে বসবে, আমরা সেখানে এই পরিকল্পনা তুলে ধরব।’