ঈদের দিন ‘ময়মনসিংহ গীতিকা’ নিয়ে আয়োজন

ঈদে ব্যতিক্রমী এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শৌখিন থিয়েটার। নির্দেশক ও অভিনেতা হামিদুর রহমান পাপ্পু’র পরিকল্পনা ও সঞ্চালনায় ময়মনসিংহ গীতিকা নিয়ে সাজানো এই অনুষ্ঠানের শিরোনাম ‘ময়মনসিংহ গীতিকা-মননে ফিরে দেখা’।

ঈদুল আজহার দিন রাত ৯টায় প্রথম পর্বে আলোচক থাকবেন শিক্ষাবিদ ড. আফসার আহমেদ, অভিনেত্রী ও নির্দেশক শুভ্রা বিশ্বাস ও পালাকার সায়িক সিদ্দিকী। দ্বিতীয় পর্বে রাত ১০ টায় অনুষ্ঠিত হবে ‘ময়মনসিংহ গীতিকা এবং গৌতম হালদার’ শীর্ষক আয়োজন। এতে ভারতের প্রখ্যাত অভিনেতা গৌতম হালদার এক ঘণ্টা ব্যাপ্তি সময়কাল জুড়ে তাল, লয়, সুরে অভিনয় উপস্থাপনায় তুলে ধরবেন ময়মনসিংহ গীতিকা।

মহুয়া ও চাঁদের নদের পরিচয়, প্রেম, বিচ্ছেদ, শোকগাথা, পরম্পরার আলোকে কাব্যে-গানে-অভিনয়ে গৌতম হালদার উপস্থাপন করবেন ময়মনসিংহ গীতিকার প্রবাহমান ধারা। পাশাপাশি গৌতম হালদারকে সামাজিক দূরত্ব মেনে সঙ্গ দেবেন একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী ও প্রধানতম কুশীলব দ্যুতি ঘোষ হালদার। সার্বিক আয়োজনটির গ্রন্থনায় রয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু।

অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের দিন রাতে শৌখিন থিয়েটারের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট এবং হামিদুর রহমান পাপ্পু’র ফেসবুক পেইজে www.facebook.com/mdhamidpappu  এই ঠিকানায়।