মেডিকেলের প্রশ্ন ফাঁস, জসিম ফের ৫ দিনের রিমান্ডে

মেডিকেলের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নুকে (৪৫) ফের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার তার সাত দিনের রিমান্ড শেষ হলে আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি।

এদিকে রিমান্ডে থাকা অপর দুই আসামি মো. পারভেজ খান (৩২), জাকির হাসান দিপু (৪০) দোষ স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

সিআইডির সাইবার পুলিশের অতিরিক্ত বিশেষ সুপার কামরুল আহসান দেশ রূপান্তরকে বলেন, ‘রিমান্ডে থাকা দিপু ও পারভেজ আদালতে দোষ স্বীকার করায় ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছে। জসিমের কাছ থেকে কাক্সিক্ষত তথ্য না পাওয়ায় তাকে ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্তের সূত্র ধরে গত ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ঢাকা ও নাটোর থেকে এসএম সানোয়ার হোসেন (৩৩), জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নু (৪৫), মো. পারভেজ খান (৩২), জাকির হাসান দিপু (৪০) ও মোহাইমিনুল ইসলাম বাঁধনকে (২৫) গ্রেপ্তার করে সিআইডি। ২০ জুলাই মিরপুর মডেল থানায় চক্রের হোতা জসিম ও তার ১৪ সহযোগীসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা করে সিআইডি। ওই মামলায় আসামি জসিম, পারভেজ ও দিপুর ৭ দিনের রিমান্ড গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এর আগে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের এক মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি।