প্রাথমিক শিক্ষা-সমাপনী পরীক্ষার প্রস্তুতি

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও

১. কেন কিডনি ও লিভার অকার্যকর হতে পারে?

২. সুষম খাদ্য গ্রহণের দুটি প্রয়োজনীয়তা লেখো।

৩. কার্বাইড মিশ্রিত ফল খাওয়ার একটি ক্ষতিকর প্রভাব লেখো।

৪. কীভাবে সারা বছর জলপাই খাওয়া যাবে?

৫. ফল পাকানোর জন্য যে সব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার একটি নাম লেখো।

৬. আলু সারা বছর পাওয়ার জন্য কীভাবে সংরক্ষণ করবে?

৭. তেল দিয়ে সংরক্ষণ করা হয় এমন একটি খাদ্যের নাম লেখো।

৮. তোমার বন্ধুকে জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে কী উপদেশ দেবে?

৯. খাদ্য সংরক্ষণের জন্য কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

১০. কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়?

১১. দুইটি আমিষ জাতীয় খাবারের নাম লেখো।

১২. অসাধু ব্যবসায়ীরা ফল পাকানোর জন্য কী ব্যবহার করে?

১৩. খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতির নাম লেখো।

১৪. আমরা পরিমিত খাদ্য কেন খাব?

১৫. সুষম খাদ্য কাকে বলে?

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো

১. খাদ্যে --- ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

২. --- ফুডে খাদ্য-আঁশ নেই।

৩. সুস্থ থাকার জন্য --- খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ।

৪. প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীরের ---  হ্রাস পায়।

৫. যারা শারীরিক --- কাজ করে, তাদের বেশি খাদ্যের প্রয়োজন।

৬. বছরের সব সময় সব ধরনের --- পাওয়া যায় না।

৭. --- উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়।

৮. লবণ বা বরফ দিয়ে --- সংরক্ষণ করা যায়।

৯. প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের --- খাদ্য খেতে হবে।

১০. খাদ্যে রাসায়নিক পদার্থ --- মতো রোগ সৃষ্টি করতে পারে।

১১. অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক --- ও বিকাশ বাধাগ্রস্ত হয়।

১২. চাল, ডাল, গম ইত্যাদি --- শুকিয়ে সংরক্ষণ করা হয়।

ডান-বাম মিল করো

বাম পাশ

ক. আইসক্রিমে কৃত্রিম রং

খ. জাঙ্ক ফুড সুস্বাদু হলেও

গ. খাদ্য সংরক্ষণ

ঘ. খাবার সংরক্ষণের জন্য

ঙ. ফল পাকানোর জন্য

ডান পাশ

১. রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে।

২. সুষম খাদ্য নয়।

৩. ফরমালিন ব্যবহার করা হয়।

৪. ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়।

৫. মেশানো হয়।

৬. কার্বাইড ব্যবহার করা হয়।

৭. অপচয় রোধ করে।

উত্তর

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন কৃত্রিম রং, ফরমালিন, কার্বাইড মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে কিডনি ও লিভার অকার্যকর হতে পারে।

২. সুষম খাদ্যগ্রহণের দুটি প্রয়োজনীয়তা

ক. সুস্থ ও সবল থাকার জন্য

খ. শরীরের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য

৩. কার্বাইড মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হতে পারে।

৪. চিনি, সিরকা ও তেলের মাধ্যমে সংরক্ষণ করে সারা বছর জলপাই খাওয়া যাবে।

৫. ফল পাকানোর জন্য যে সব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার একটি নাম হলো কার্বাইড।

৬. আলু সারা বছর পাওয়ার জন্য আমি হিমাগারে সংরক্ষণ করব।

৭. তেল দিয়ে সংরক্ষণ করা হয় এমন একটি খাদ্য হলো আচার।

৮. আমি আমার বন্ধুকে জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দেব।

৯. খাদ্য সংরক্ষণের জন্য ফরমালিন নামক ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।

১০. মিষ্টি, জেলি, চকোলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি খাবারে কৃত্রিম রং মেশানো হয়।

১১. দুইটি আমিষ জাতীয় খাবার হচ্ছে মাছ ও মাংস।

১২. অসাধু ব্যবসায়ীরা ফল পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করে।

১৩. খাদ্য সংরক্ষণের দুটি বৈজ্ঞানিক পদ্ধতি হলো

ক. শুকিয়ে খাদ্য সংরক্ষণ।

খ. বরফ জমানো ঠাণ্ডায় খাদ্য সংরক্ষণ।

১৪. দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা পরিমিত খাদ্য খাব।

১৫. যে খাদ্যে দেহের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় ছয়টি উপাদানই পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ

১. রং ও রাসায়নিক, ২. জাঙ্ক, ৩. সুষম, ৪. কর্মক্ষমতা, ৫. পরিশ্রমের, ৬. খাদ্যদ্রব্য, ৭.  বৈজ্ঞানিক, ৮. মাছ, ৯. সুষম, ১০. ক্যানসারের, ১১. বৃদ্ধি, ১২. রোদে।

ডান-বাম মিল

(ক+৫), (খ+২), (গ+৭), (ঘ+৩), (ঙ+৬)