অর্থনীতির আগের মডেলে ফেরা হবে আত্মঘাতী, রাহুলকে ইউনূস

নভেল করোনা ভাইরাস আসার আগে গোটা পৃথিবীর অর্থনীতি যে মডেলে চলেছে, সেখানে অধিকাংশ সম্পদ শুধু ধনীদের দখলেই ছিল বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভার্চুয়াল আলাপে ইউনূস বলেন, পুরোনো মডেলে ফিরে যাওয়া পৃথিবীর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

 ‘এটা সেই পুরোনো গল্প। এই ইস্যু আমি অনেকবার তুলেছি। এখন করোনা সমাজের দুর্বলতা খুব কুৎসিতভাবে সামনে এনেছে,’ মন্তব্য করে ইউনূস বলেন, ‘এতদিন এসব সমাজের ভেতর লুকিয়ে ছিল। সেখানে গরিবরা ছিল, ভিন্ন অঞ্চলের শ্রমিকেরা ছিল। আমাদের জন্য কাজ করা সেই মানুষদের আমরা বের করে দিয়েছি।’

‘তারা আমাদের জন্য রান্না করেছে, বাড়ি পাহারা দিয়েছে, ছেলেমেয়ে দেখাশোনা করেছে। আমরা তাদের চিনতাম। কিন্তু হঠাৎ আমরা দেখছি তাদের মধ্যে লাখ লাখ মানুষ বাড়ি ফেরার জন্য রাস্তায় নেমেছে। হঠাৎ শহুরে কর্মীরা গ্রামে ফিরতে শুরু করেছে। এর কারণ খুব সহজ। তাদের জন্য এখানে কিছু নেই। কোনো জীবন নেই, বেঁচে থাকার অর্থ নেই। সুতারং তারা তাদের আশ্রয়ে ফিরে গেছে। কেউ ফিরেছে পায়ে হেঁটে, শতশত কিলোমিটার পাড়ি দিয়ে। করোনার সবচেয়ে বেদনার দিক এটাই।’

আরও পড়ুন: বিনা মূল্যে টিকার জন্য ‘সামাজিক ব্যবসায় নামছেন’ ড. ইউনূস

‘এই মানুষদের কথা আমাদের ভাবতে হবে। অর্থনীতি এদের কথা ভাবে না। তারা এটাকে ইনফরমাল সেক্টর বলে। ইনফরমাল সেক্টর হলো তাদের সঙ্গে আমাদের কিছুই করার নেই, তারা আমাদের অর্থনীতির অংশ নয়।’

‘কিন্তু আমরা যদি তাদের অর্থ দিতে পারি, সাহায্য করতে পারি, তারা মই বেয়ে উপরে উঠবে। কারণ তারা জানে কীভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু আমরা তাদের অবহেলা করি। ’

`আমাদের কেন সেই পেছনে ফিরতে হবে? পৃথিবীর সম্পদ অল্প কিছু মানুষের হাতে ঘোরাফেরা করে, যা দিয়ে অধিকাংশ মানুষের কিছু করার থাকে না। সুতারং সম্পদের ঘনত্ব বাড়ানোর এই সিস্টেমে আমরা কেন ফিরব? যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অধিকাংশ মানুষের চাকরি কেড়ে নিচ্ছে, সেখানে আমরা কেন ভরসা রাখবো?’

‘সামনের কয়েক দশকে অসংখ্য মানুষ কর্মহীন হবেন। এখন আমাদের কি পেছনে ফেরা উচিত? পেছনে ফিরলে আত্মঘাতী ব্যাপার হবে। তাই এই করোনাভাইরাস আমাদের নতুন করে ভাবার সুযোগ দিয়েছে। সুযোগ দিয়েছে পরিবর্তন আনার।’

‘এটা শুধু এশিয়ার সমস্যা নয়। ভারতের সমস্যা নয়। শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটা গোটা পৃথিবীর সমস্যা। আমাদের এখন নতুন করে ভাবতে হবে।’

রাহুল গান্ধীও ইউনূসের এসব কথার সঙ্গে সহমত পোষণ করেন। এই কংগ্রেস নেতা গত কয়েক দিন ধরে অনেক অর্থনীতিবিদের সঙ্গে এভাবে আলাপ করছেন। প্রতিদিনের কথোপকথনের ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোডও করছেন।