ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় শুভেচ্ছা বিনিময় করবেন দলের নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, সন্ধ্যার পর সাড়ে ৭টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যাবো শুভেচ্ছা বিনিময় করতে।
ড. মোশাররফ বলেন, সকালে ঈদের জামায়াত আদায় করে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছি।
এবার করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সশরীরে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন না বিএনপি নেতারা।
দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এ সদস্য বলেন, করোনাভাইরাসের কারণে সশরীরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারছি না। তাই ভার্চুয়ালি এলাকার নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি।
তিনি বলেন, দেশের বাইরে থেকেও শুভাকাঙ্ক্ষীরা ফোনে শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া বাসায় দুই ছেলে ও তাদের স্ত্রী এবং নাতিদের সঙ্গে সময় কাটাচ্ছি।