নড়াইলে গণমাধ্যমকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান

করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক পেলেন নড়াইল জেলায় কর্মরত ২৭ জন সাংবাদিক। প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

রবিবার নড়াইল প্রেস ক্লাবের সভা কক্ষে এসব চেক বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল -২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মোত্তর্জা।

চেক বিতরণ অনুষ্ঠানে মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারের মাধ্যমে আশা করি আমাদের প্রিয় গণমাধ্যমকর্মীদের মাঝে অনুপ্রেরণা বাড়বে।’

নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে  চেক বিতরণ অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার), নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, নড়াইল প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।