রিয়াকে খুঁজে পাচ্ছে না বিহার পুলিশ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ হন্য হয়ে খুঁজছেন ভক্ত ও প্রিয়জনেরা। কী কারণে এমন মানসিক অবসাদ বা আত্মহত্যার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি-না তা নিয়ে প্রশ্ন উঠছে।

সম্প্রতি বিহারের পাটনার রাজেন্দ্রনগর থানায় সুশান্তর বাবা কেকে সিং ছেলের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই ঘটনায় তদন্ত করছে বিহার পুলিশ।

এই সংস্থার ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে জানিয়েছেন, তদন্ত একেবারে শুরুর দিকে। রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। কিন্তু তার অবস্থান এখনো জানতে পারেনি তদন্তকারীরা।

গত বুধবার বিহার পুলিশের চার সদস্যের দল মুম্বাই পৌঁছে। এর পর থেকে এখনো রিয়ার সঙ্গে কথা বলে উঠতে পারেননি তারা। ডিজিপির বক্তব্য, “তদন্ত এখন একেবারেই প্রাথমিক পর্যায়। তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। মেডিকেল ও আইনি তথ্য হাতে পেয়ে খতিয়ে দেখতে হবে। তার পরেই কোনো গ্রেপ্তার সম্ভব।”

আরও বলেন, “এমন একটি প্রাণবন্ত ছেলে আত্মহত্যা করবে আমার বিশ্বাসই হয় না।”

তবে মুম্বাই পুলিশ তদন্তে অসহযোগিতা করছে এমন তথ্য খারিজ করেছেন পান্ডে।

তিনি মনে করেন, সুশান্তর মৃত্যুর সঙ্গে তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর যোগ রয়েছে। গত ৯ জুন ১৪ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন দিশা। ওই সময় সুশান্ত জানান, এ ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েছেন।

এ দিকে মুম্বাই পুলিশ তদন্তের শুরুতেই সুশান্ত আত্মহত্যা করেছেন বলে ঘোষণা দেয়। যদিও ‘দিল বেচারা’ নায়কের একাধিক স্বজন ও বন্ধুরা এ নিয়ে আপত্তি তুলেছেন। সুশান্তর মৃত্যুর পরদিন মুম্বাইয়ের কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও গুপ্তেশ্বর পান্ডে কথা বলতে পারেননি।