করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে সামনের তিন সপ্তাহে আরও ২০ হাজার মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সমবেত পূর্বাভাসে এই তথ্য দিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সংস্থাটি বলছে, আগস্টের ২২ তারিখ পর্যন্ত সব মিলিয়ে ১ লাখ ৭৩ হাজারের মতো মানুষ মারা যেতে পারেন। দেশটিতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
নতুন এই তথ্য প্রকাশ করে গবেষকেরা বলছেন, স্থানীয় মানুষরা আরও সতর্ক না হলে বিপদ। মৃত্যুর সংখ্যা অনুমানকেও ছাড়িয়ে যেতে পারে!
চীন থেকে ছড়িয়ে পড়া এই রোগটি জুলাই মাসে পৃথিবীকে বেশি ভুগিয়েছে। এই সময়ে প্রায় ৭০ লাখ মানুষ নতুন রোগটিতে সংক্রমিত হয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৮১২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৩০৪ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৬৮ হাজার ৯৬১ জন।