মহাকাশযান তৈরি, এবার আপনিও যেতে পারবেন মহাশূন্যে (ভিডিও)

অনেকেই হয়তো স্বপ্ন দেখেন মহাকাশচারীদের মতো মাধ্যকর্ষণ শূন্য মহাকাশে ঘুরে বেড়ানোর। কিন্তু মহাকাশচারী ছাড়া এই সুযোগ এতদিন অন্য কারও পাওয়া সম্ভব ছিল না। এবার পয়সা থাকলে সেটাও যে কারুর জন্য সম্ভব হবে।

ভার্জিন গ্যালাকটিক সাধারণ মানুষকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছে বিশেষ ধরনের যান। সেই যানের ছবিও প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ভার্জিন গ্যালাকটিক এই প্রকল্পে কাজ করছে, তবে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাদের। শেষ পর্যন্ত সব বাধা টপকে তারা তৈরি বলে জানিয়েছে।

মঙ্গলবার ভার্জিন গ্যালাকটিকের টুইটার পেজে বেশ কয়েকটি ছবি, ভিডিও প্রকাশ করা হয়। সেগুলি ইতিমধ্যেই নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে।

এই মহাকাশ যানে এক সঙ্গে মোট ছ’ জন যাত্রী ও দুই পাইলট যেতে পারবেন। এমনকি নীল রঙের ‘ওয়ান-পিস’ স্পেস সুটও তৈরি। এক এক জনকে এই মহাকাশ ভ্রমণের জন্য খরচ করতে হবে প্রায় ২ কোটি ১১ লাখ টাকারও বেশি।

কোম্পানির জানিয়েছে, এই মহাকাশ যানের কেবিনে ১৬টি ক্যামেরা রাখা হয়েছে। সেই সঙ্গে একটি গোল বড় আয়না। এই আয়নাতে যাত্রীরা ভার শূন্য অবস্থায় ঘুরে বেড়ানোর সময় নিজেদের দেখতে পারবেন। সেই সঙ্গে অনেক জানালা রাখা হয়েছে মহাকাশ যানটিতে, ফলে পৃথিবীর সীমানা ছাড়িয়ে আকাশের দৃশ্যও সহজেই ধরা দেবে তাদের কাছে।

শিল্পপতি রিচার্ড ব্রনসন ২০০৪ সালে এই কোম্পানি খোলেন। তখন থেকেই তারা চেষ্টা করছেন এই মহাকাশে ভ্রমণের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার। শেষ পর্যন্ত তারা জানান, অনেক পরীক্ষা নিরীক্ষার পর এখন তারা তৈরি।