কুর্দি বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি তেল কোম্পানির চুক্তিকে ‘চুরি’ আখ্যা দিয়ে সিরিয়া সরকার বলছে, এটি দেশটির ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’।
রবিবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তির নিন্দা জানায়।
মিডলইস্ট আই জানায়, এর আগে বৃহস্পতিবার সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর মধ্যে ‘খুবই শক্তিশালী একটি চুক্তি’ সই হয়েছে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং তুরস্কের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিদের সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো।
কুর্দি আধাসামরিক বাহিনী এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আধা-স্বায়ত্তশাসিত এলাকায় সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে। হাসাকাহ’র ওই তেলক্ষেত্রটির ওপর মালিকানা দাবি করে আসছে দামেস্ক।
রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন প্রশাসনের সমর্থনে সিরিয়ার তেল চুরি করতেই এই চুক্তি করা হয়েছে।’
চুক্তির নিন্দা জানিয়ে এতে বলা হয়, ‘তেল চোরদের সঙ্গে চুরি করে তেল ক্রয়কারীদের মধ্য এই চুক্তি সই হয়েছে।’
সিরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রে শত্রুতাপূর্ণ অবস্থান, সিরিয়ার জনগণের সম্পদ চুরি এবং রাষ্ট্রের অবকাঠামো পুনর্গঠনের বিঘ্ন সৃষ্টির নিন্দা জানানো হয় বিবৃতিতে।