কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত উপজেলা ইটনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ধনু নদ থেকে মরদেহগুলো স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃতরা হলেন উপজেলার মাগুরী গ্রামের মো. মোখলেছ মিয়ার নববিবাহিত স্ত্রী সুমাইয়া আক্তার (১৮), বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫) এবং নৌকার মাঝি হাসান আলী (৬৫)।
রবিবার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে মাঝি হাসান আলী ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় ১০ জন যাত্রী তোলেন। তারা ঈদে বেড়ানোর উদ্দেশ্যে নৌকায় ওঠেন। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে তীরের কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদ ডুবে যায়।
খবর পেয়ে আশপাশের লোকজন এসে নৌকার আট যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন হাসান আলীসহ তিনজন।
ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।