জেলার রৌমারীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আলতাফ হোসেন (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জেলার রৌমারী থানায় কর্মরত ছিলেন।
রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান, চলতি বছরের ১৮ মার্চ পুলিশ কনস্টেবল আলতাফ হোসেন রৌমারী থানায় যোগদান করেন। গত কয়েকদিন থেকে তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
এ ব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য সোমবার সকালের দিকে হাসপাতালে ভর্তি হন। এর কিছু সময় পরেই তার মৃত্যু ঘটে।
তিনি সর্দি,কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত ২৮ জুলাই ঐ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু এখনো ফলাফল পাওয়া যায়নি।
জানা গেছে, মৃত আলতাফ হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের লাল মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ মেয়ে রেখে গেছেন।