অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন সোমবার। বিশেষ এই দিনে তাকে ‘সুন্দর মনের মানুষ’ বলে উল্লেখ করলেন নির্মাতা অনিমেষ আইচ।
ফেইসবুকে এ উপলক্ষে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অনিমেষ। বোঝা যাচ্ছে, প্রথম প্রহরেই উদযাপন শুরু হয়েছে। সেখানে এই জুটিকে বেশ খোশ মেজাজে দেখা যায়।
অনিমেষ লেখেন, “সুন্দর মনের মানুষ আশনা হাবিব ভাবনা জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।”
এ দিকে অভিনেত্রী এক পোস্টে জানালেন, তার ও মা রেহেনা হাবিবের জন্মদিন একই। ভাবনা লেখেন, “আজকে আমার ও আম্মুর জন্মদিন। আমরা একই দিনে পৃথিবীতে এসেছি কয়েক বছরের ব্যাবধানে।” সঙ্গে শেয়ার করেন মা ও বাবার সঙ্গে তোলা কয়েকটি ছবি।
অনিমেষ ও ভাবনার দুই পোস্টে এসেছে অনেক মন্তব্য। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছে স্বজন, ভক্ত ও অনুরাগীরা।
১৯৯৪ সালের ৩ আগস্ট ঢাকায় ভাবনার জন্ম। তার বাবা হাবিবুল ইসলাম অভিনেতা ও নির্মাতা। ভাবনা ছোটবেলা থেকে নৃত্যর সঙ্গে জড়িত। টেলিভিশনে অভিনয় শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। ২০১৭ সালে তিনি অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় অভিনয় করেন। এ ছাড়া ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তার দুটি উপন্যাস প্রকাশ হয়েছে। অবসরে ছবিও আঁকেন।