সম্প্রতি প্রকাশ হয়েছে বালামের নতুন একটি গান। এ প্রসঙ্গে সংগীতশিল্পী থেকে শ্রোতা— অনেকেই বলছেন পুরোনো বালামকে পাওয়া গেল কথা, সুর ও কণ্ঠে।
‘তুমি রূপকথায়’ শিরোনামের গানটি প্রকাশ হয়েছে রবিবার। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন বালাম নিজেই। গানটির ব্যানার সিডি চয়েস।
এ গান নিয়ে বালাম বলেন, “ক্যারিয়ারের শুরুতে আমি যে ধরনের গান করতাম এই গানে তার ছোঁয়া খুঁজে পাবেন শ্রোতারা। গান তৈরির পর ভিডিও ও পোস্টার ডিজাইনও করেছি নিজেই। সব মিলিয়ে গত কয়েকটা দিন এই গান নিয়েই পড়েছিলাম।”
ইউটিউবে ভক্তদের অনেকেই একই কথা বলছেন। হাসান মাহমুদ নামের একজন লিখেছেন, “২০০৭-এর বালামকে আবার ফিরে পেলাম। কী সুন্দর তার গায়কী!”
২০০৭ সালে হয় এই শিল্পীর সেলফ টাইটেলড অ্যালবাম ‘বালাম’ প্রকাশ হয়। যার একাধিক গান তুমুল জনপ্রিয়তা পায়। যেখানে ‘রূপকথা’ শিরোনামের একটি গানও ছিল। এর পর বেশ কয়েকটি একক ও মিশ্র অ্যালবামে শোনা যায় বালামকে। তবে প্রথমটির মতো ততটা সাড়া জাগাতে পারেননি ওয়ারফেজ ব্যান্ডের সাবেক এ সদস্য।