সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি এলাকায় ঈদুল আজহার রাতে কথা-কাটাকাটি ও থাপ্পড় মারার জের ধরে শুভ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। এদিন রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শুভ পাঠানটুলি এলাকার মো. বশিরের ছেলে। গত প্রায় এক বছর আগে তিনি ছুটি নিয়ে ব্রুনাই থেকে দেশে এসেছিলেন। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে সেখানে আর ফিরে যেতে পারেননি।
স্থানীয়রা জানান, ঈদের দিন সদর উপজেলা এলাকা থেকে এক যুবক পাঠানটুলি এলাকায় এলে কোনো এক বিষয় নিয়ে শুভর সঙ্গে কথা-কাটাকাটি হয় ওই যুবকের।
একপর্যায়ে যুবককে থাপ্পড় মারেন শুভ। এ ঘটনার প্রতিশোধ নিতেই ওই যুবক রাত আনুমানিক ১১ টার দিকে তার বন্ধুদের নিয়ে পাঠানটুলি বাসস্ট্যান্ডে যায় এবং শুভকে কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়ার পথে শুভ মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত শুভর বাবা বশির জানান, তার ছোট ছেলে শুভকে পাঠানটুলি বাসস্ট্যান্ড মোড়ে যুবলীগ নেতা শাহজাহানের বাড়ির সামনে দুর্বৃত্তরা রাম দা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারীরা সকলেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত। ঘটনায় জড়িত দুজনকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও জানান তিনি।
নিহতের বাবা বশির মিয়া আরও জানান, শুভ তার ছোট ছেলে। ব্রুনাই থেকে এক বছর আগে দেশে ফিরে এসেছেন। শনিবার ঈদের রাতে নগরীর পাঠানটুলী বাসস্ট্যান্ড মোড়ে কয়েকজন যুবক রাম দা ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, নিহত ও অভিযুক্ত যুবকরা একই সঙ্গে চলাফেরা করতেন। কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সোহাগ, কালু ও রনি। তারা তিনজনই শুভর পূর্বপরিচিত এবং বন্ধু। চড়-থাপ্পড় দেওয়ার ঘটনায় শুভকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বশির মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।