এক সময় বিটিভিতে প্রচার হতো আমেরিকান সিটকম ‘সিনফিল্ড’। এ সিরিজের পপি চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি পেয়েছিলেন রেনি সান্টনি। তার ঝুলিতে রয়েছে ‘ডার্টি হ্যারি’সহ স্মরণীয় অনেক সিনেমা। সেই অভিনেতা মারা গেলেন শনিবার। তার বয়স হয়েছিল ৮১ বছর।
রেনি কয়েক বছর ধরে ক্যানসারসহ নানান ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
ফেইসবুকে খবরটি জানিয়েছেন রেনির বন্ধু ও টিভি লেখক-প্রযোজক ট্রেসি নিউম্যান।
রেনিকে একজন প্রাণখোলা মানুষ হিসেবে বর্ণনা করেন তিনি। জানান অসাধারণ অভিনেতাও ছিলেন। নিউম্যান বলেন, রেনিকে খুব ভালোবাসেন। তাকে খুবই অনুভব করবেন।
নিউইয়র্ক শহরে জন্ম রেনির। তিনি থিয়েটারে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। তাকে দেখা যায় ‘দ্য আমব্রেলা’ ও ‘দ্য ম্যাড শো’ নাটকে। ১৯৬৪ সালে ‘দ্য পনব্রকার’ ছবিতে প্রথম গুরুত্বপূর্ণ চরিত্র পান, তবে তার নাম উল্লেখ ছিল না ক্রেডিটে। এর তিন বছর পর মুক্তি পাওয়া ‘এন্টার লাফিং’ ছবিতে নায়ক হিসেবে তার অভিষেক। এখানে নিউইয়র্ক শহরের এক ডেলিভারি বয়ের চরিত্র করেন। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘ডার্টি হ্যারি’তে পান ইন্সপেক্টর চিকো গনজালেস চরিত্রটি। ‘ব্যাড বয়’ (১৯৮৩) ছবির কারা কর্মকর্তা র্যামন হেরেরা ও ‘কোবরা’র (১৯৮৬) গোয়েন্দা টনি গনজালেস খুবই জনপ্রিয়তা দেন তাকে।
তবে রেনির সবচেয়ে আলোচিত চরিত্র ছিল টিভি সিটকম ‘সিনফিল্ড’-এর পপি। তাকে দেখা যায় এক অস্বাস্থ্যকর রেস্টুরেন্ট মালিক হিসেবে। ১৯৭৩ সালে এবিসির ‘ওয়েন মার্শাল, কাউন্সিলর অ্যাট ল’ সিরিজের ফাইনাল সিজনের জন্য তাকে স্মরণ করা হয়। এ ছাড়া ২০০০ সালের ‘২৮ ডেইজ’ সিনেমায় ছিলেন সান্ড্রা বুলকের সঙ্গে।
রেনি সান্টনির স্ত্রী লিজা জেমস মঞ্চ নির্দেশক। তাদের রয়েছে এক ছেলে নিক।