অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে খুলেছে চৌরঙ্গী পার্ক

করোনার কারণে দেশে সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধের কঠোর নির্দেশনা থাকার পরও নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক জনসাধারণের জন্য খুলে দিয়েছে মালিকপক্ষ। যদিও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সকলের অগোচরে কীভাবে কার অনুমতি নিয়ে খুলে দেয়া হলো চৌরঙ্গী পার্ক, এ নিয়ে নগরবাসীর মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

ঈদের তৃতীয় দিন মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পার্কটি খোলা এবং সেখানে যে কেউ টিকিট কিনে অবাধে প্রবেশ করতে পারছেন। এ ব্যাপারে কথা বলতে চাইলে পার্কের কাউন্টারে থাকা কেউ কোনো কথা বলেননি, নিজেদের পরিচয়ও দেননি। শুধু বলেছেন, ডিসি অফিসের অনুমতি নিয়েই আমরা পার্কটি খুলেছি। সর্বশেষ রাত ৮ টার দিকেও পার্কটি খোলা ছিল।

এ ব্যাপারে পার্কের মালিক আ. সাত্তারের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।

এদিকে পার্কের দর্শনার্থী আরিফ, পিংকি, সজল, রায়হান, কবিতাসহ কয়েকজনের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান, পার্ক খোলা তাই প্রবেশ করেছি।

এ ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক আব্দুল হাই দেশ রূপান্তরকে জানান, আমাদের কাছে এ রকম তথ্য নেই যে পার্ক খোলা। পার্ক খোলা বা বন্ধের অনুমতি দেয় ডিসি। আমার জানা মতে পার্ক খোলার কোনো অনুমতি নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা জানান, পার্ক খোলার কোনো অনুমতি আমরা দিইনি। পার্ক খুলে থাকলে এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন দেশ রূপান্তরকে জানান, জেলায় পার্ক খোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ পার্ক খুলে থাকলে এ ব্যাপারে পদক্ষেপ নেবে পুলিশ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আমার জানামতে পার্ক খোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি তো দেয় জেলা প্রশাসন। বাকিটা তারা বলতে পারবে। তবে আমাদের সুপারিশ ছিল বন্ধ রাখার।