লালমনিরহাটে সতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর স্বামী আনোয়ারুল ইসলাম (২২) ও স্ত্রী সুমাইয়া আক্তার বৃষ্টির (১৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সতী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ারুল ইসলাম রংপুর জেলার বাহারকাচনা (ডাওয়াইটারী) এলাকার মকবুল হোসেনের ছেলে ও সুমাইয়া আক্তার বৃষ্টি একই এলাকার বেলাল হোসেনের মেয়ে। গত ৬ মাস আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।
স্থানীয়রা জানান, সকালে স্বামী আনোয়ারুল ইসলাম স্ত্রী সুমাইয়াকে নিয়ে রংপুর থেকে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তার মামা বাড়ি বেড়াতে আসেন। বেলা ১২টার দিকে স্বামী-স্ত্রী বাড়ির পাশে সতী নদীতে গোসল করতে যান। নদীতে নামার সাথে সাথেই স্বামী-স্ত্রী দুজনেই ডুবে যান।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পাওয়ায় লালমনিরহাট ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেন।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী সাইদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে তাদের পরিবারের নিকট মরদেহ দুটি হস্তান্তর করা হয়।