ঘরবন্দী অমিতাভ লিখলেন, ‘পৃথিবী বদলে গেছে’

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও ভক্তদের সঙ্গে অনলাইনে যোগাযোগ ছাড়েননি অমিতাভ বচ্চন। শেয়ার করেছেন কষ্ট, একাকিত্ব ও মন খারাপের কাহিনি। এখন তিনি কভিডমুক্ত। কিন্তু শরীর পুরোপুরি সারেনি, বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বিগ-বি।

সম্প্রতি একটি ব্লগে তিনি উল্লেখ করেছেন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা রোগ ও চিকিৎসার কথা।

অমিতাভ বলেন, “পৃথিবী বদলে গেছে … প্রতি ঘণ্টায় পরিবর্তিত হচ্ছে।  এখন আগের চেয়ে দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে… আর অদৃশ্য ছোট্ট একটি অজানা ভাইরাস মানবতাকে বিশ্রাম দিয়েছে এবং হাঁটু গেড়ে বসিয়েছে মানুষকে। এর সম্পর্কে জানার চেষ্টা চলছে প্রতিনিয়ত … নিরাময়ের করতে ভ্যাকসিন আবিষ্কারে প্রাণ ওষ্ঠাগত। সোয়াব টেস্ট থেকে শুরু করে নিয়ম মেনে চলছে চিকিৎসা। গবেষক ও চিকিৎসকেরা তাদের শিক্ষাকে উজাড় করে দিয়ে খুঁজে চলেছে কভিড-১৯ মুক্ত করার সঠিক পথ।”

গত রবিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ। তবে ছেলে অভিষেক বচ্চনকে হাসপাতালেই থাকতে হচ্ছে।

ওই দিন দুটি আলাদা টুইটে নিজের ও বাবার কথা শেয়ার করেন অভিষেক। তিনি জানান, অমিতাভের সর্বশেষ রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। তাই বাড়ি ফিরে গেছেন বিগ বি। কিন্তু কো-মর্বিডিটির কারণে তিনি এখনো করোনা পজিটিভ, তাই হাসপাতালেই থাকতে হচ্ছে।

২৩ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অমিতাভ ও অভিষেক। মাঝে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আট বছরের আরাধ্য একই হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ভর্তি হলেও তারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন গত ২৭ জুলাই।

বচ্চন পরিবারের চার সদস্যের করোনা পজিটিভ এলেও শুরুতে নেগেটিভ রেজাল্ট পান জয়া বচ্চন। তাদের বাড়ির কর্মচারীদের কারো শরীরে এই ভাইরাস ধরা পড়েনি।