দেশকে পিছিয়ে দেয়ার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: ইয়াফেস ওসমান

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি অসাধারণ সাফল্য। এ সময় ১৫ আগস্টে নিহতদের স্মরণ করে তিনি বলেন, দেশকে পিছিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।

তিনি বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন পরিদর্শনে এসে এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রকৌশলীরা সৎ চেতনা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ালে দেশের উন্নয়নে বিপ্লব ঘটে যাবে। ১৪ তলা ভবনটির অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস হলরুম, ক্যাফেটেরিয়া ও অন্যান্য কক্ষসমূহ ঘুরে ঘুরে দেখে মন্ত্রী এর অনন্য স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হন।

গণপূর্ত বিভাগের সহায়তায় এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২২২ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুর রহমানসহ গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা।