সিপিবি নেতাকর্মীদের মোবাইলফোন, ফেইসবুক ব্যবহারে দলীয় বিধি-নিষেধ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দলের নেতাকর্মীদের সামাজিক যোগযোগ মাধ্যম ও মোবাইলফোন ব্যবহারে বিধি-নিষেধ আরোপ করেছে। 

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সোমবার তার ফেইসবুক পেজে এসব বিধি-নিষেধ তুলে দলেন। সেখানে এসব মাধ্যমে দলের সমালোচনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

তিনি ফেইসবুকে লেখেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সিপিবি কর্মীদের যা মেনে চলতে হবে:

১. ইলেকট্রনিক সামাজিক মাধ্যমকে পার্টির বক্তব্য ও কার্যক্রমের ইতিবাচক প্রচারের কাজে ব্যবহার করতে হবে। পার্টির ও একতার ওয়েবসাইট এবং পার্টির অনুমোদিত পেইজ ও ফেইসবু প্রচারকাজে অগ্রাধিকার দিতে হবে।

২. স্বনামে বা বেনামে পরিচালিত ফেইসবুক, টুইটার, ইমেইল ইত্যাদিতে পার্টির লাইন, সিদ্ধান্ত ও কাজকর্মের প্রত্যক্ষ বা পরোক্ষ সমালোচনা করে কোনো কথা বা ছবি প্রচার করা অথবা অন্য কারো এ ধরনের পোস্টে শেয়ার দেওয়া যাবে না।

৩. পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন ধরনের পোস্ট ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ থেকে বিরত থাকতে হবে।

৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টির অভ্যন্তরীণ কোনো বিতর্কিত বিষয় নিয়ে স্বনামে বা বেনামে পোস্ট করা বা তর্ক-বিতর্ক চালানো যাবে না।

৫. ফেইসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপিবি সম্পর্কিত কোনো সমালোচনা বা বিতর্কের জবাব দেওয়ার ক্ষেত্রে তা পার্টির গৃহীত লাইন ও সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। জবাব দেওয়ার আগে তার বিষয়বস্তু পার্টির নিজস্ব ফোরামে আলোচনা করে নিতে হবে।

৬. সামাজিক গণমাধ্যমে পার্টি, পার্টির নেতাকর্মী বা পার্টির লাইন নিয়ে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্নকারী কথাবার্তা প্রকাশ করা যাবে না।

৭. পার্টির গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে যত্রতত্র পার্টি নিয়ে কথাবার্তা বলা এবং মোবাইল ফোন ও ফেইসবুকে পার্টি সংক্রান্ত এ ধরণের কোনোরূপ আলোচনা ও কথাবার্তা বলা যাবে না।
(সিপিবির কেন্দ্রীয় কমিটির গৃহীত সিদ্ধান্তের আলোকে)।'