সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আরো প্রায় সাত হাজার কর্মহীন সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তার আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বুধবার শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালে সংস্কৃতি মন্ত্রণালয় ইতিমধ্যে সারাদেশের প্রায় ৯৬০০ সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা প্রদান করেছে। আরো প্রায় ৭০০০ সংস্কৃতিসেবীর আর্থিক সহায়তার আবেদন জমা পড়েছে। অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এসব সংস্কৃতিসেবীদেরও সহায়তা প্রদান করা হবে। করোনার কারণে কর্মহীন সংস্কৃতিসেবীদের সহায়তা প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান বিতরণের অংশ হিসাবে ৯৯ যন্ত্রসঙ্গীত শিল্পীর মাঝে সহায়তার অর্থ বিতরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কেএম খালিদ বলেন, ‘যথাসম্ভব স্বচ্ছতার সঙ্গে কর্মহীন সংস্কৃতিসেবীর তালিকা প্রণয়ন ও তাদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এর মাঝেও হয়ত অসাবধানতাবশত কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। এ ব্যাপারে ভবিষ্যতে আরো সতর্কতা অবলম্বন করা হবে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের সভাপতি গাজী আবদুল হাকিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব অসীম কুমার দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।