নরসিংদীতে ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌভ্রমণে গিয়ে দুপক্ষের সংঘর্ষে অনিক মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় শেখ হাসিনা সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর অনিক সদর উপজেলার কালাই গোবিন্দপুর এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে ও সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শহীদুল্লাহ মিয়া সপরিবারে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন।
নিহতের মামা সবুজ মিয়া জানান, ঈদ উপলক্ষে মঙ্গলবার মেঘনা নদীতে নৌভ্রমণে যায় অনিকসহ সঙ্গীরা। ফেরার পথে অন্য একটি নৌকার লোকজনের সঙ্গে উচ্চশব্দে গান শোনাকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়। দুটি নৌকা নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতুর নিচে এসে পৌঁছলে দুপক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষ মাথায় আঘাত করলে পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয় অনিক। উপস্থিত লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত সাংবাদিকদের বলেন, স্কুলছাত্র নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা যাচ্ছে না।