করোনায় গোয়ালন্দ উপজেলার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসান ইমাম চৌধরী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং স্থানীয় বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে নানা রকম জটিল রোগে ভুগছিলেন। নিজ বাড়িতে থাকা অবস্থায় বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে গত ২৩ জুলাই ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ২৬ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরিবার থেকে তার করোনার নমুনা প্রদান করা হলে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তার নিজ বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজার ওয়াজেদ চৌধুরী স্মৃতি চত্বরে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় পাঁচ দিন আগে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। আজ বৃহ¯পতিবার দ্বিতীয় বার তাঁর নমুনা নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে তিনি ইন্তেকাল করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার দাফনের সকল প্রস্তুতি গ্রহণের জন্য তার ভাতিজা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীকে বলা হয়েছে। এখন সবাইকে দূর থেকে দোয়া করা ছাড়া উপায় নাই।

হাসান ইমাম চৌধুরীর ভাতিজা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তার জানাজার প্রস্তুতি চলছে।