প্রেমের প্রস্তাব দিতে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন এক তরুণ। ফিল্মি কায়দায় বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে এমন কাণ্ড ঘটান তিনি।
এনডিটিভি জানায়, যুক্তরাজ্যে সাউথ ইয়র্কশায়ারে এ ঘটনা ঘটে। বান্ধবীকে শখানেকেরও বেশি মোমবাতি জ্বালিয়ে প্রেমের প্রস্তাব দিতে চেয়েছিলেন ওই ব্রিটিশ ব্যক্তি।
বান্ধবীকে ঘরে নিয়ে আসার আগে নিজের অ্যাপার্টমেন্টে প্রচুর মোমবাতি জ্বালিয়ে, বেলুন লাগিয়ে ওয়াইন ভরে চমক দেওয়ার মতো সব প্রস্তুতিই সেরে রেখেছিলেন তিনি। কিন্তু এমন ঘটনা ঘটে গেল, যার জন্য তিনিও প্রস্তুত ছিলেন না।
বান্ধবীকে নিয়ে ঘরে আসার পর দেখলেন যে তার অ্যাপার্টমেন্টটি দাউদাউ করে আগুন জ্বলছে।
সাউথ ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মতে, ওই ব্যক্তি তার বান্ধবীকে গাড়ি করে নিজের বাড়িতে নিয়ে আসার পর দেখেন যে তার ঘরে আগুন লেগেছে। আসলে তিনি যেখানে মোমবাতি জ্বালিয়ে রেখে গেছিলেন তার কাছেই একটি টেবিল ল্যাম্পও জ্বালিয়ে রেখে গেছিলেন। এর ফলে ঘরের ভেতরে আগুন লেগে যায়।
জানা গেছে, ফায়ার সার্ভিসের ৩টি ইঞ্জিনের তৎপরতায় ওই আগুনে নেভানো সম্ভব হয়। যদিও এর আগেই ওই ব্যক্তির ঘরের প্রায় সব আসবাবপত্রই পুড়ে ছাই হয়ে যায়।
ওই অ্যাপার্টমেন্টের পুড়ে যাওয়া আসবাবপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই নিজেদের মন্তব্য লেখেন ছবির কমেন্ট সেকশনে।
নেটিজেনদের একজন লেখেন, 'এরপরেও মানুষজন বলবে যে প্রেমে পড়া বিপজ্জনক নয়!' অন্য আরেকজন লেখেন, 'কারও সঙ্গেই এই ঘটনা ঘটা উচিত নয়। দুজনেই নিশ্চয়ই খুব ধাক্কা খেয়েছে।'
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে ওই তরুণ তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিলে তিনি সঙ্গে সঙ্গে তাতে সম্মতি দেন ও বিয়ের প্রস্তাবেও 'হ্যাঁ' বলে দেন।