রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে অফিসার ওএসডি (অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির আদেশ দেওয়া হয়। মাহবুব কবির নিজের ফইসবুক পেজে এ খবর জানান।
মাহবুব কবির মিলন ২০১৭ সালের আগস্ট মাস থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। সবশেষ গত বছরের ৩১ ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে সরিয়ে রেল মন্ত্রণালয়ে বদলি করা হয়।
আগে তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় স্বচ্ছতার সঙ্গে জনবল নিয়োগ দিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। নিজের অধীনে জনবল নিয়োগ হলেও তার পরিবার ও আত্মীয়স্বজনকেও জানতে দেননি বলে নিজের ফেইসবুকে জানান মাহবুব কবির।
এ ছাড়া তিনি চলতি বছর কোনোরকম দুর্নীতি ছাড়া রেলে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। আগামী বছরও নিয়োগ হওয়ার কথা ছিল। এসব পরিবর্তনসহ অনেক অনিয়মের বিরুদ্ধে তিনি সোশ্যাল সাইট এবং বাস্তবে সবসময় সরব থাকতেন।