নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈন-উল ইসলামের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা নাগরিক সমাজের ব্যানারে পৌর শহরের মোক্তারপাড়া প্রেস ক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জেলা প্রশাসক মঈন-উল ইসলামকে বদলি করা হয়। কী কারণে তাকে বদলি করা হয়েছে, তা ওই আদেশে উল্লেখ করা হয়নি। তবে ডিসির বিরুদ্ধে সম্মানহানির একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযোগটি আনেন তার কার্যালয়েরই একজন সাবেক নারী কর্মকর্তা।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক ছিলেন নেত্রকোনার জন্য নিবেদিতপ্রাণ। তিনি সাধারণ মানুষের সঙ্গে মাঠে গিয়ে কাজ করেছেন, পাহাড় থেকে হাওর, হাওর থেকে বিল সব জায়গায় তার বিচরণ ছিল।
তারা আরও বলেন, ডিসির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং তাকে পুনর্বহাল চাই।
মানববন্ধনে নেত্রকোনার পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হায়দার জাহান চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।